২৯ বছর পর সালমান শাহর মৃত্যু মামলা হত্যা হিসেবে গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা ২৯ বছর পর হত্যা মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী আবিদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সালমান শাহর মৃত্যুর বিষয়ে করা অপমৃত্যু মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেন। আদালত কমর উদ্দিনের অভিযোগ ও ঘটনার সঙ্গে জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে রমনা মডেল থানাকে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক তার মৃত্যু ‘আত্মহত্যা’ দাবি করলেও, ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমান শাহর বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী হত্যা মামলা করেন।

মামলার দীর্ঘ সময়ে তদন্ত চলেছে। ২০০৩ সালে রিভিশন মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। ২০১৪ সালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অপমৃত্যু হিসেবে প্রতিবেদন দাখিল করেন। পরে সালমান শাহর মা নীলা চৌধুরী বাদী হন। পিবিআই’র চূড়ান্ত প্রতিবেদনের পর ২০২১ সালে আদালত মামলা নিষ্পত্তি করে।

বাদীপক্ষ ২০২২ সালে পুনরায় রিভিশন মামলা দায়ের করে দাবি করেন, একাধিক প্রভাবশালী ব্যক্তির কারণে হত্যাকে ধামাচাপা দেওয়া হয়েছে। তারা বলেন, সুপরিকল্পিত হত্যাকে ‘আত্মহত্যা’ ও ‘অপমৃত্যু’ বলা হচ্ছে, তাই সত্য উদঘাটনের জন্য সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *