মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর থেকে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা। যারা ঢাকায় উপস্থিত হতে পারছেন না, তারা নিজেদের জেলা ও উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করবেন।
সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী এই কর্মসূচি ঘোষণা করেন এবং শিক্ষা উপদেষ্টাকে দুই দিনের আল্টিমেটাম দেন।
দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, “আগামী মঙ্গলবার শহীদ মিনার থেকে কালো কাপড় পরে শাহবাগে অবস্থান নেব। শিক্ষকদের বিভিন্ন সংগঠন একাত্ম হয়ে কাজ করছে, এতে কেউ আমাদের দমাতে পারবে না। যদি কেউ শহীদ মিনারে না আসতে পারেন, তারা নিজের জেলার গুরুত্বপূর্ণ স্থানে অংশ নিক।”
তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে বিএনপির মহাসচিবের কথাবার্তা হয়েছে। আমরা আশা করি শিক্ষা উপদেষ্টা ২২ অক্টোবরের মধ্যে সমাধান দেবেন। যদি প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে শিক্ষকদের সমাজ জানে আবরারকে কীভাবে টেনে-হিঁচড়ে নামাতে হয়।”
দেলাওয়ার হোসাইন আজিজী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা সচিবালয়ের প্রত্যেক পয়েন্টে অবস্থান নেব। আবরার শিক্ষকদের বুক মাড়িয়ে সচিবালয়ে প্রবেশ করছেন, আমরা তা দেখব। দেশের বিভিন্ন স্থানে শিক্ষকের প্রশিক্ষণ চলছে, আপনাদের অনুরোধ এই প্রশিক্ষণ বন্ধ করে আমাদের সঙ্গে যুক্ত হোন। ভণ্ডদের অধীনে কোনো প্রশিক্ষণ গ্রহণযোগ্য নয়।”
তিনি যোগ করেন, “আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে উন্নীত করা হয়েছে। ইতোমধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যদি কোনো প্রাণহানি ঘটে, তার দায়-দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের ওপর বর্তাবে।”
শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপির নীতিগত সমর্থন: মির্জা ফখরুল
