৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সারা দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে নির্বাচন কমিশন (ইসি) একটি খসড়া চূড়ান্ত করেছে।

এই খসড়ার বিরুদ্ধে আপত্তি জানাতে সংক্ষুব্ধরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

বুধবার (৩০ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া চূড়ান্ত করা হয়েছে। কেউ যদি এতে সংক্ষুব্ধ হন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি জানাতে পারবেন।

পুনর্নির্ধারিত আসনগুলো হলো: পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

ইসি আনোয়ারুল আরও জানান, সীমানা নির্ধারণে টেকনিক্যাল কমিটির সুপারিশে বাগেরহাটে ভোটার কম থাকায় একটি আসন কমানোর এবং গাজীপুরে ভোটার বেশি থাকায় একটি আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, গাজীপুর এখন সবচেয়ে বেশি ভোটারসংখ্যার জেলা। তাই সেখানে অতিরিক্ত একটি আসনের প্রয়োজন দেখা দিয়েছে। অন্যদিকে, বাগেরহাটে ভোটার তুলনামূলক কম হওয়ায় একটি আসন কমানোর পরামর্শ দিয়েছে কমিটি।

তিনি আরও বলেন, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে আসনসীমা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।

এই প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের মতামত, কমিশনের অভ্যন্তরীণ সুপারিশ এবং ২০২২ সালের জনশুমারির তথ্য ব্যবহার করে চূড়ান্ত খসড়া তৈরি করা হয়েছে।

- Advertisement -

এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ টিম গঠন করে বিভিন্ন দিক বিবেচনায় এনে সীমানা নির্ধারণ করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *