সাভারে নিখোঁজের চার দিনেও সন্ধান নেই পোশাক শ্রমিকের

মনির মন্ডল, সাভার:

1 Min Read
সোলাইমান হোসাইন, ছবি - সংগৃহীত

সাভারে কর্মস্থল থেকে দুপুরের খাবারের জন্য বাসায় ফেরার পথে নিখোঁজ হন সোলাইমান হোসাইন (২২) নামের এক পোশাক শ্রমিক। চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

ঘটনাটি ঘটেছে গত ১৩ সেপ্টেম্বর (শনিবার)। ওইদিন দুপুরে সাভারের আল-মুসলিম গার্মেন্টস থেকে বের হওয়ার পর আর ফেরেননি সোলাইমান।

নিখোঁজ সোলাইমান টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা। তার বাবা ইসমাইল হোসেন স্থানীয় ব্যবসায়ী এবং চাচা হামিদুল ইসলাম আল-মুসলিম গার্মেন্টসের এজিএম। তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় চুন্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

চাচা হামিদুল ইসলাম জানান, সেদিন সকালে নিয়মমতো কাজে যোগ দিয়েছিল সোলাইমান। দুপুরে খাবারের জন্য বের হলেও আর ফিরে আসেনি। রাতে বাসায়ও যায়নি। মোবাইল ফোন বন্ধ থাকায় তাকে আর পাওয়া যায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৫৫) করেছি।

তিনি আরও বলেন, সোলাইমানের কোনো আর্থিক দেনা-পাওনা, পারিবারিক দ্বন্দ্ব কিংবা কর্মস্থলে কারও সঙ্গে বিরোধ ছিল না।

নিখোঁজ যুবকের বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া আমাদের জন্য খুব কষ্টদায়ক। আমি শুধু চাই, সে যেন নিরাপদে ফিরে আসে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *