সরকারি ব্যয় সাশ্রয়ের নীতির অংশ হিসেবে উপদেষ্টা, মন্ত্রী এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫টি নতুন গাড়ি কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাবটি উপস্থাপন করলেও তা কমিটি থেকে অনুমোদন পায়নি।
বৈঠকে আলোচনার জন্য তিনটি প্রস্তাব তালিকাভুক্ত ছিল। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়নি, একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং গাড়ি কেনার প্রস্তাবটি বাতিল করা হয়।
কমিটি সূত্রে জানা গেছে, অগ্রাধিকারভিত্তিক খাতে অর্থ বরাদ্দ নিশ্চিত এবং সরকারি খরচ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
