হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (২২ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৬) অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনের ভিত্তিতে গত ২১ মে তাঁকে অপসারণের আদেশ দেন রাষ্ট্রপতি।
এর আগে গত বছরের ২০ অক্টোবর “দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের” পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে সাময়িকভাবে বিচারকাজ থেকে বিরত রাখা হয়। বিচারপতি দিলীরুজ্জামান ছিলেন সেই তালিকার অন্যতম।
খোন্দকার দিলীরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর ২০১৮ সালের ৩০ মে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২০ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি দিলীরুজ্জামান। সে সময় তিনি তদন্ত কার্যক্রমে অংশ নিতে রংপুর সফরও করেছিলেন।
রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের ফলে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বাংলাদেশের উচ্চ আদালতের ইতিহাসে অপসারিত বিচারকদের তালিকায় যুক্ত হলেন।
