টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি:

1 Min Read

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় পাটলাই নদীতে পর্যটকবাহী একটি হাউজ বোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পুরো হাউজ বোটটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ‘রাহবার নৌ পরিবহন’ নামের হাউজ বোটটি শুক্রবার সকালে তাহিরপুর থেকে ১২ জন পর্যটক ও মাঝি-মাল্লা ও স্টাফসহ মোট ১৯ জনকে নিয়ে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যায়। দিনভর ঘোরাঘুরির পর সন্ধ্যায় তারা টেকেরঘাট এলাকায় পাটলাই নদীতে নোঙর করে রাতযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন।

সন্ধ্যায় হাউজ বোটে আলোর ব্যবস্থা করতে জেনারেটর চালু করা হয়। রাত সাড়ে ৮টার দিকে মাল্টিপ্লাগের মাধ্যমে একাধিক মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সৌভাগ্যবশত, পাশে অবস্থান করা অন্য একটি হাউজ বোটে দ্রুত আশ্রয় নেওয়ায় ১৯ জন যাত্রী ও কর্মী নিরাপদে রক্ষা পান। তবে তাদের ব্যবহৃত মোবাইল, কাপড়চোপড় ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান, “আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো হাউজ বোটটি পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।”

এদিকে, ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *