২৪২ আরোহীর অধিকাংশই নিহত, একজন জীবিত উদ্ধার

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজে থাকা প্রায় সব আরোহী প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। তবে এখন পর্যন্ত একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৯ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি। ফ্লাইট নম্বর ছিল AI-171।

উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন কেবিন ক্রু ও পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় ও সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন।

উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যে, ৬২৫ ফুট উচ্চতায় উঠেই উড়োজাহাজটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আহমেদাবাদ বিমানবন্দরের পাশে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ২০টির বেশি অ্যাম্বুলেন্স পৌঁছায়।

দুর্ঘটনার পর স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ, আগুন ও ধোঁয়ার ভয়াবহ চিত্র দেখা যায়।

এদিকে, আহমেদাবাদ পুলিশের কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক জানিয়েছেন, একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে, যিনি বিমানের ১১এ নম্বর আসনে ছিলেন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) জানিয়েছে, কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “আজ ১২ জুন, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী আমাদের ফ্লাইট AI-171 বিধ্বস্ত হয়েছে। আমরা ঘটনার গভীর পর্যবেক্ষণে রয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।”

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকি করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছেন।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *