তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের

2 Min Read

ইরানের রাজধানী তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

ডেফরিন জানান, ইসরায়েল তেহরানের ওপর বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের প্রায় এক-তৃতীয়াংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছে। এতে ইরানের বড় ধরনের হামলা ব্যাহত হয়েছে।

তিনি আরও জানান, রবিবার রাত ও সোমবার ভোরে ইরান থেকে দুটি ধাপে ৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক ডজনেরও বেশি ড্রোন ছোড়া হয় ইসরায়েলের দিকে। এসবের বেশিরভাগ মাঝপথেই ভূপাতিত করা গেলেও তিনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন নিহত হন।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, ইরান ওই রাতে আরও দ্বিগুণ ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করেছিল। তবে এর আগেই ইসরায়েলি বিমানবাহিনী ইরানের অভ্যন্তরে ২০টি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালায়। ওইসব ক্ষেপণাস্ত্র তখনও নিক্ষেপ করা হয়নি।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, প্রায় ৫০টি যুদ্ধবিমান ও ড্রোনের সমন্বয়ে পরিচালিত অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম, কমান্ড সেন্টার ও সেনা অবস্থানগুলোতে আঘাত হানা হয়েছে। এর বড় একটি অংশ ছিল ইরানের ইস্পাহান শহরে, যেখানে শতাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ১২০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে বলেও আইডিএফ দাবি করেছে, যা ইরানের মোট লঞ্চারের প্রায় এক-তৃতীয়াংশ বলে উল্লেখ করা হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *