ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

1 Min Read
হামলা শেষে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ট্রাম্প।

মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে এক বিবৃতিতে তিনি দাবি করেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্র ফোরদো ‘আর নেই’ ।

হামলার লক্ষ্যবস্তু ছিল ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান এই অভিযানে অংশ নেয়।

ইসরায়েলের আগের হামলার প্রেক্ষিতে টানা উত্তেজনার মধ্যে এই হামলা সংঘটিত হলো। এবার ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প ‘অসাধারণ মার্কিন যোদ্ধাদের’ অভিনন্দন জানান এবং লেখেন, সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে যাচ্ছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ফোরদোর ওপর ছয়টি ‘বাংকার বাস্টার’ বোমা বর্ষণ করা হয়েছে এবং বাকি দুটি স্থাপনায় প্রায় ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, প্রধান টার্গেট ফোরদোতে পূর্ণমাত্রার বোমা বর্ষণ করা হয়েছে। ফোরদো এখন আর নেই।

ট্রাম্প এসময় ইরানকে উদ্দেশ করে বলেন, এখন তাদের উচিত এই যুদ্ধ বন্ধে সম্মত হওয়া।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম একজন ইরানি কর্মকর্তার বরাতে জানিয়েছে, শত্রুপক্ষের বিমান হামলায় ফোরদোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ইরানকে জানিয়ে দিয়েছে, এই হামলাগুলোর মাধ্যমেই তারা বিষয়টি শেষ করতে চায়; তেহরানে সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছে সিবিএস নিউজ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *