সরকারি নিয়োগ সংক্রান্ত আলোচনায় অংশ নেয়নি বিএনপি, ওয়াকআউট সালাহউদ্দীনের

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ বিষয়ে আলোচনায় অংশ না নিয়ে ওয়াকআউট করেছে বিএনপি।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের দ্বিতীয় ধাপের ২০তম দিনে এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার পর কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আলোচনার জন্য সংশ্লিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। তখনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান, তারা আলোচনায় অংশ নেবেন না এবং বৈঠক কক্ষ ত্যাগ করেন।

পরে আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনায় থাকবেন না। তবে একটি দল আলোচনা না করলেও, তা নিয়ে সিদ্ধান্ত দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

এ সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মন্তব্য করেন, একটি বড় দল আলোচনায় না থাকলে ঐকমত্যে পৌঁছানো কঠিন। আলোচনায় আগানোও সম্ভব হয় না।

তবে সঞ্চালক মনির হায়দার বলেন, এর আগে একাধিক দল মতভেদ জানিয়ে (‘নোট অব ডিসেন্ট’ দিয়ে) হলেও ঐকমত্যে পৌঁছেছে আলোচনা।

প্রসঙ্গত, সোমবারের আলোচনার মূল বিষয় ছিল—সরকারি নিয়োগ সংস্থাগুলোর (পিএসসি, দুদক, সিএজি, ন্যায়পাল) নিয়োগ পদ্ধতি এবং সংসদে নারী প্রতিনিধিত্ব।

জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে সংবিধান সংশোধনের লক্ষ্য নিয়ে। এর নেতৃত্বে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কমিশনের কার্যক্রম শুরু হয় ১৫ ফেব্রুয়ারি থেকে।

সহ-সভাপতি আলী রীয়াজ জানান, এ পর্যন্ত ২০টি বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ১২টিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *