আইপিএলের আসন্ন মৌসুমের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে সেই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের পক্ষ থেকে কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই সূত্র জানিয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে কেকেআরকে বাংলাদেশি এই ক্রিকেটারকে মুক্ত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, চাইলে ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় দলে নিতে পারবে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-ভারতের বর্তমান কূটনৈতিক পরিস্থিতি এবং কিছু সামাজিক ইস্যুর প্রভাবেই এই সিদ্ধান্তে অনড় বিসিসিআই সেক্রেটারি। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগকে বিষয়টির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর ময়মনসিংহে দিপু দাস নামে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির হত্যাকাণ্ড ঘিরে ভারতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় প্রতিবাদে সরব হয় ক্ষমতাসীন দল বিজেপি। দলটির কয়েকজন শীর্ষ নেতা আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।
এ নিয়ে বিজেপির একাধিক নেতা কেকেআর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেও অবস্থান নেন। দলটির অন্যতম মালিক শাহরুখ খানকে হুমকির ঘটনাও সামনে আসে বলে দাবি করে ভারতীয় সংবাদমাধ্যম। কলকাতাতেও মুস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও শুরুতে কেকেআর কর্তৃপক্ষ বিষয়টি উপেক্ষা করে। তবে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক নির্দেশনার পর আইপিএলে মুস্তাফিজের খেলার সম্ভাবনা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে বিজেপির এই অবস্থানের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নেতা ভাই জগতাপ বলেছেন, নিয়ম মেনেই কেকেআর নিলামে খেলোয়াড় কিনেছে, এখানে শাহরুখ খানকে দোষারোপ করার কোনো যুক্তি নেই। তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষও খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়ানো ঠিক নয় বলে মন্তব্য করেন।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।
