অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্ম ছাত্র-জনতার আহ্বানে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। শহরের চেঙ্গী স্কোয়ার, দীঘিনালা, পানছড়ি ও রামগড়সহ বিভিন্ন স্থানে স্থানীয়রা গাছ কেটে, গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সমর্থনে পিকেটিং করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে গত বুধবারও একই দাবিতে জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করা হয়েছিল।
গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক ওই কিশোরীকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শায়ন শীল (১৯) নামে এক যুবককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
