গত বছরের জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীর জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের জামিনের বিষয়ে হাইকোর্টে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (১৯ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।
এর আগে গত ২৯ এপ্রিল ওই ৬১ আইনজীবীর জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। হাইকোর্ট ২২ এপ্রিল এদের জামিন মঞ্জুর করেছিল।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বারে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। এদের মধ্যে ১১৫ জন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।
জামিনের মেয়াদ শেষ হলে গত ৬ এপ্রিল ৮৩ জন আইনজীবী ঢাকার মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগরসহ ১৮ জন নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তবে পালিয়ে যাওয়ায় তিনজন বাদে বাকি ৬১ জনকে কারাগারে পাঠানো হয়।
