আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন,আজ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। দেশের ৬৪ জেলার ৩০০টি আসনে মোট ভোটকেন্দ্র হয়েছে ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ থাকবে। সর্বমোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।
সচিব জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র রাখা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট দেবেন। এটি ক্যাচমেন্ট এরিয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে, প্রয়োজনে সংখ্যা সামঞ্জস্য করা হবে।
ইসির তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ জাতীয় নির্বাচনের (৪২ হাজার ১৪৮টি) তুলনায় কিছুটা বেশি।
তবে এবার ভোটকক্ষের সংখ্যা কমেছে এবার মোট ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যেখানে আগের নির্বাচনে ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। অর্থাৎ, ভোটকেন্দ্র বেড়েছে, কিন্তু কক্ষ কমেছে।
