দীর্ঘ বিরতির পর জন্মভূমি পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। শনিবার সকালে দুই দিনের সরকারি সফরে তিনি বিমানবাহিনীর হেলিকপ্টারে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সকাল ৯টা ৪০ মিনিটে পৌঁছার পর সার্কিট হাউস প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তুজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতি পাবনা শহরের আরিফপুরে গিয়ে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেলে কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করবেন এবং সময় কাটাবেন। সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন। সফর উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় প্রশাসনিক সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এর আগে চারবার নিজ জেলা সফর করেছেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম পাবনা সফর করেন ১৫ মে, দ্বিতীয়বার ২৭ সেপ্টেম্বর, তৃতীয়বার ২০২৪ সালের ১৬ জানুয়ারি এবং চতুর্থবার ৯ জুন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *