শুক্রবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’ শিরোনামে ইসলামী ছাত্রশিবির চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে এবং তারা ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আমরা পেছন থেকে শক্তি যোগাব।
একইসাথে তিনি তরুণ ছাত্রদের দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তোমাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। আগামী নতুন বাংলাদেশ তোমাদের হাতে গড়ে উঠবে।
আমন্ত্রণ সত্ত্বেও ছাত্রদলের নেতারা অনুষ্ঠানে হাজির হননি তবে এছাড়া গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে আভাস দিয়ে শফিকুর রহমান বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ছাত্র নেতৃত্বের পরীক্ষা হবে, তেমনি আগামীর বাংলাদেশও গড়ে উঠবে।
তিনি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উৎকর্ষ, গবেষণা, জ্ঞানচর্চা ও সততার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার প্রয়োজনীয়তাও জোর দিয়েছেন।সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবিরের সাবেক নেতা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপিরা।
