জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো নিয়ে জোট গঠনের সম্ভাবনা রয়েছে, তবে যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে কোনো জোট হবে না।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সমবায় কমপ্লেক্স ভবনে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কার ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তারা যদি আমাদের সঙ্গে আসতে চায় আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে, জনআকাঙ্ক্ষার বিরোধিতা করেছে, তাদের সঙ্গে কোনো জোট বা নির্বাচনী অ্যালায়েন্স সম্ভব নয়।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটি দল। বিভিন্ন গণমাধ্যমে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা হলেও সাম্প্রতিক কর্মকাণ্ডে আবারও প্রমাণিত হয়েছে, সেই বৈধতা আদায় করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করতে পারলে পরবর্তী জাতীয় নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়।
সংগঠনের কার্যক্রম সম্পর্কে হাসনাত আবদুল্লাহ জানান, সংস্কার, অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে এনসিপি সারাদেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতারা।
