পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্র জানায়, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলে এতে কোনো সমস্যা নেই। যেহেতু তিনি ক্যাম্পাসের বাইরে থাকেন, এজন্য বিশ্ববিদ্যালয়ের অনুমতির প্রয়োজন হয়নি। আমরা বিষয়টি জানি এবং নজর রাখছি।
এর আগে রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমে অভিযোগ করেন, পরীক্ষা ও একাডেমিক বিষয় নিয়ে কথা বলার অজুহাতে অধ্যাপক এরশাদ হালিম তাদের বাসায় ডাকতেন। সেখানে তিনি ঘরের আলো নিভিয়ে দরজা জানালা বন্ধ করে শিক্ষার্থীদের শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন বলে অভিযোগ উঠেছে।
একাধিক ভুক্তভোগীর বক্তব্য প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত শুরু করে। মিরপুর মডেল থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, প্রাথমিক যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
