বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি শুক্রবার গভীর রাতে ভারতের মাটিতে পা রাখবেন। তবে এটি তাঁর প্রথম ভারত সফর নয়; ২০১১ সালে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন তিনি। এবার আসছেন একক সফরে, যেখানে কলকাতা ছাড়া সফরের অন্যান্য শহর হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি।
কলকাতায় মেসির উপস্থিতি সংক্ষিপ্ত হলেও তাকে বরণে আয়োজনে কোন কমতি নেই। অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে থিম সং, দক্ষিণ আমেরিকার ট্যাঙ্গো ও রবীন্দ্রসঙ্গীতের ফিউশন, এবং টালিউডের শিল্পীদের পারফরম্যান্সে উন্মাদনা বাড়ানো হবে।
মেসি খুদে ফুটবলারদের সঙ্গে কোচিং ক্লিনিকে অংশ নেবেন এবং মোহনবাগান ও ডায়মন্ডহারবারের ম্যাচ দেখবেন। এছাড়া দর্শকদের জন্য কিছু পেনাল্টি কিকের সৌভাগ্যও থাকতে পারে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মেসির ২১ মিটার (৭০ ফুট) উচ্চতার বিশাল লোহার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। বিশ্বকাপ উঁচিয়ে ধরা অবস্থায় ভাস্কর্যটি মেসি ভার্চুয়ালি উদ্বোধন করবেন।
ভারতে তিন দিনের সফরে মেসি হায়দরাবাদে কনসার্ট ও প্রীতি ম্যাচ খেলবেন, মুম্বাইতে যোগ দেবেন সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গে। সফরের শেষ পর্যায়ে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎও করবেন তিনি। বলিউড তারকা শাহরুখ খান এবং সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।
টিকিটের চাহিদা বিপুল। কলকাতা ও হায়দরাবাদে টিকিটের দাম প্রায় সাড়ে ৪ হাজার রুপি, মুম্বাইয়ে ৮ হাজার ২৫০ রুপি হলেও মাঠে দর্শক ভিড়ের আশা করছে আয়োজকরা।
