ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে ওসমান হাদির উন্নত চিকিৎসার সম্ভাবনা বিবেচনায় সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সরকার। পরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। এই অবস্থায় সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস উইং জানায়, এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা আগেই নিশ্চিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
