বাংলাদেশবিরোধী তৎপরতা বন্ধের দাবি ঢাকার, অভিযোগ নাকচ দিল্লির

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আজ রোববার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশনারকে তলব করে সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পলাতক শেখ হাসিনা ভারত থেকে উসকানিমূলক বক্তব্য দিয়ে তার সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছেন এবং ভারত তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না—এ নিয়ে উদ্বেগ জানানো হয়।

তলবের সময় বিচার বিভাগের দেওয়া সাজা কার্যকরের লক্ষ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে ঢাকা। পাশাপাশি আসন্ন নির্বাচনকে ব্যাহত করতে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যদের তৎপরতার বিষয়েও ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে এবং তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে অবিলম্বে গ্রেপ্তার ও প্রত্যর্পণের বিষয়েও সহযোগিতা চাওয়া হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় ভারতের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে ঢাকা।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছে ভারত এবং এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে তার দেশ।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ স্পষ্টভাবে নাকচ করে দেয়। বিবৃতিতে বলা হয়, ভারত বরাবরই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কোনো কার্যকলাপে ব্যবহার করতে দেয়নি।

এতে আরও বলা হয়, ভারত আশা করে অন্তর্বর্তী সরকার দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *