কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বেশ ধারণ করেনি: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি :

2 Min Read
গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তারেক রহমান/ছবি-বিএনপির ফেসবুক পেজ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “কৌশলের নামে আমাদের নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত ভূমিকা গ্রহণ করেনি।” শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, দলের নেতা-কর্মীরা বছরের পর বছর ধরে গুম, খুন ও মিথ্যা মামলার হয়রানির পরও রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। “এক পরিবারের একজন গুম হলেও, অন্য ভাই আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর শপথ নিয়ে রাজপথে দাঁড়ায়,” যোগ করেন তিনি।

চেয়ারম্যান আরও বলেন, বিভীষিকাময় দিন শেষ হয়েছে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে। গুম-খুনের শিকার পরিবার ও স্বজনহারা মানুষদের প্রতি তিনি বলেন, “আপনাদের কষ্টকে আমরা বৃথা যেতে দেব না। বিএনপি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে, ইনশাআল্লাহ।”

তিনি ভবিষ্যতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদের আত্মত্যাগ স্মরণে কিছু পরিকল্পনা গ্রহণের কথা জানান, যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে বিস্তারিত এখন ঘোষণা করা সম্ভব হয়নি।

সভায় তারেক রহমান রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্রপ্রিয় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “যারা গণতন্ত্রের পথকে ব্যাহত করতে চায়, তারা যেন সফল না হয়।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য জাহিদুল ইসলাম রনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *