জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে দুর্নীতি, ফ্যাসিবাদ ও আদিপত্যবাদ থেকে মুক্ত করে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে নানা নির্যাতন ও নিপীড়নের মুখে পড়লেও জামায়াত দেশ ছেড়ে যায়নি। আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা মজলুমের কষ্ট বুঝি, তাই কখনো জালিম হবো না, বলেন তিনি। দেশব্যাপী নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, কোথাও কোনো মা-বোনের ওপর অন্যায় হলে তা মেনে নেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে যুবসমাজকে সাহসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, ভয়ভীতি উপেক্ষা করে ন্যায়ের পক্ষে ভোট দিতে হবে এবং চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করতে হবে। জামায়াত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও দাবি করেন তিনি।
যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত যুবসমাজকে ভাতা দিয়ে নির্ভরশীল করতে চায় না। বরং কর্মসংস্থান সৃষ্টি করে তাদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলাই দলের লক্ষ্য।
সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম আসনের ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এতে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
