আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘ কার্যালয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হিসেবে অংশগ্রহণ—উভয় ক্ষেত্রেই নারীদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের ব্যক্তিরা যাতে কোনো ধরনের ভয়ভীতি, সহিংসতা বা অনলাইন হয়রানির শিকার না হন, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, নির্বাচনের আগে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা এবং অনলাইন হয়রানির অভিযোগ নিয়ে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে। সাইবার বুলিং, ডিপফেক, ছবি বিকৃতকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার চালানোর মতো ঘটনা বাড়ছে বলেও জানানো হয়।
জাতিসংঘ জানায়, নারীদের নেতৃত্ব ও প্রতিনিধিত্ব বাড়াতে তারা নির্বাচন কমিশনকে সহায়তা করে যাচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—নারীদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে।
