ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৫ মিনিটে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে এবং সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে হাসনাত আব্দুল্লাহ এগিয়ে রয়েছেন। ফলাফল একত্রিত করে বিবরণী পর্যালোচনা শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদ মনোনীত ও বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে তিনি ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
দেবিদ্বার আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
