নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিবেশে সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।
বিএনপির প্রেস উইং সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় তিনি প্রথমে ডা. শফিকুর রহমান এর বাসভবনে যাবেন। পরে রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর বাসায় সাক্ষাৎ করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন ঘিরে সৃষ্ট দূরত্ব কমানো এবং ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরির উদ্দেশ্যেই এ সৌজন্য সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে তা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনা করতে চায় তার দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনীতিতে নতুন সমঝোতার ইঙ্গিত বহন করতে পারে।
