ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেন।
উপাচার্যের ব্যক্তিগত সচিব ও উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান নিশাত বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মন্ত্রণালয়ে গিয়ে উপাচার্য তার পদত্যাগপত্র জমা দেন।
এর আগে উপাচার্যের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে তিনি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করলে তারা যেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন পরিচালনা করতে পারে, এই বিবেচনায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে নতুন প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
দায়িত্বকালীন বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় হয়েছে, হল সংসদ কার্যকর হয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে এসেছে। আন্তর্জাতিক অঙ্গনেও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন; বিশেষ করে টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং গবেষণা ও প্রকাশনার হার বেড়েছে।
এছাড়া প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি, যা আবাসন সংকট ও গবেষণা সুবিধা উন্নয়নে সহায়ক হবে বলে জানান।
উপাচার্য বলেন, ২০২৪ সালের আগস্টে বিশেষ ও সংকটপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির ছিল এবং প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা এবং বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা ছিল তার প্রধান লক্ষ্য।
