ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ উত্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণও অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, অধিবেশন আহ্বানসংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশন আহ্বান করবেন এবং সেই অনুযায়ী ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সংসদের কার্যক্রম শুরুর মাধ্যমে আইন প্রণয়ন ও সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
