ইরানের সম্ভাব্য সামরিক সংঘাতকে কেন্দ্র করে তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাস সোমবার দেশটিতে অবস্থানরত নাগরিকদের সতর্ক করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
ইরানের পরিবর্তনশীল পরিস্থিতিতে বর্তমানে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনও পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সতর্কতা শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকসহ ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বর্তমানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন।
দূতাবাসের পূর্ববর্তী নির্দেশনার পুনরায় অনুসরণের পরামর্শ দিয়ে বলা হয়েছে, সব ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (PIO) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, বিক্ষোভ বা প্রতিবাদ-সমাবেশের এলাকা এড়িয়ে চলবেন, ইরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং স্থানীয় গণমাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখবেন।
এই পদক্ষেপ ভারতের পক্ষ থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে, যা ইরানে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
