বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সোমবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশের নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খাকি ইউনিফর্ম পরিবর্তনের আগে আরও গবেষণা ও জনমত যাচাই প্রয়োজন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০৩-২০০৪ সালে গঠিত একটি কমিটি দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশ সদস্যদের খাকি পোশাক নির্ধারণ করেছিল। তৎকালীন সময়ে সদস্যদের গায়ের রং, আবহাওয়া, দিনের ও রাতের ডিউটিতে দ্রুত চিহ্নিত হওয়া, এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়িয়ে চলা বিষয়গুলো বিবেচনায় রাখা হয়েছিল।
তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নতুন পোশাক পরিকল্পনায় এসব বাস্তব বিষয় যথাযথভাবে বিবেচনা হয়নি বলে সংগঠনটি উল্লেখ করেছে। নতুন ইউনিফর্মের সঙ্গে অন্য সংস্থার পোশাকের সাদৃশ্য থাকায় মাঠে পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের প্রায় সব সদস্য ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করেছিলেন। তাদের পেশাদারিত্ব দেশের ভিতরে ও বাইরে প্রশংসিত হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, পোশাক শুধুমাত্র একটি ইউনিফর্ম নয়, এটি পুলিশ বাহিনীর শৃঙ্খলা, ঐতিহ্য ও পেশাদারিত্বের প্রতীক। নতুন ইউনিফর্ম তৈরিতে বিপুল অর্থ ব্যয় হওয়ার কারণে, বরং সেই অর্থ পুলিশ বাহিনীর আধুনিকায়ন, যানবাহন সরবরাহ, লজিস্টিক সাপোর্ট এবং সদস্যদের প্রশিক্ষণ ও মনোবল বৃদ্ধিতে ব্যয় করা উচিত।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের কাছে বিনীত অনুরোধ করেছে, সদস্যদের আবেগ ও বাস্তবতার বিষয়টি বিবেচনা করে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। একই সঙ্গে আরও গবেষণা ও জনমত যাচাইয়ের ভিত্তিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
