এশিয়ান কাপে আত্মবিশ্বাসী সূচনা বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক:

2 Min Read

এশিয়ান কাপের অভিষেক ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হারলেও পুরো ম্যাচজুড়ে চোখে চোখ রেখে খেলেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দল। তবে দৃঢ় রক্ষণে তাদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ৪৪ মিনিট পর্যন্ত গোলশূন্য রেখেই চ্যাম্পিয়নদের চাপে রাখে কোচ পিটার বাটলার-এর শিষ্যরা।

ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা ঋতুপর্ণা চাকমা মাঝমাঠের কাছ থেকে দুর্দান্ত শট নেন। বলটি প্রায় জালে ঢুকে যাচ্ছিল, কিন্তু চীনের গোলরক্ষক চেন চেন লাফিয়ে তা রুখে দেন।

২৪ মিনিটে চীন জালে বল পাঠালেও ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ে, ফলে গোলটি বাতিল হয়। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ডেডলক ভাঙে চীন। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন মিডফিল্ডার ওয়াং সুয়াং।

বিরতির ঠিক পরেই ব্যবধান বাড়ায় চীন। ৪৬ মিনিটে ঝ্যাং রুইয়ের নেওয়া শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় বাংলাদেশ। ঋতুপর্ণা, শামসুন্নাহাররা একাধিকবার চীনের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি দলটি। বাংলাদেশের আগ্রাসী খেলায় কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে চীনও। তবে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

হারলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাহসী পারফরম্যান্সে সমর্থকদের মন জয় করেছে বাংলাদেশের মেয়েরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *