দিনাজপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সরকারি সূত্রে জানা যায়, দেশের জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে খাল, নদী ও জলাধার খনন এবং পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছান। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় যান।

সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

সফরকালে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *