ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে এই সাময়িক স্থগিতাদেশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ ও নিরাপদভাবে উন্মুক্ত করতে হবে। শর্ত পূরণ সাপেক্ষেই এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির-এর অনুরোধের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যে একটি সম্ভাব্য ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পথে রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা প্রস্তাবকেও আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক উদ্যোগ এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পর্যবেক্ষকদের মতে, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই স্থগিতাদেশ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
