রাজধানী ঢাকার তীব্র যানজট ও জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচিত কিছু বড় শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সরাসরি ক্লাস এবং তিন দিন অনলাইনে পাঠদান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই কার্যক্রম পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে।
বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ঢাকার যানজটপ্রবণ এলাকায় অবস্থিত বড় ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ব্লেন্ডেড এডুকেশন’ বা সমন্বিত শিক্ষা পদ্ধতি চালু করা হবে। তবে এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; যেসব প্রতিষ্ঠান প্রযুক্তিগতভাবে প্রস্তুত, তাদের নিয়েই এই কার্যক্রম শুরু হচ্ছে।
নতুন ব্যবস্থায় সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাসে অংশ নেবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
মন্ত্রী আরও জানান, অনলাইন ক্লাসের ক্ষেত্রেও শিক্ষকদের প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে পাঠদান করতে হবে। বাসা থেকে ক্লাস নেওয়ার সুযোগ থাকছে না।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজধানীর শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য এই পদ্ধতি কার্যকর হবে এবং দূরবর্তী এলাকা থেকে যাতায়াতের চাপ কমাবে। বিশেষ করে যাতায়াত ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি ব্যাহত হচ্ছিল, যা অনলাইন ক্লাসের মাধ্যমে অনেকটাই সহজ হবে।
তিনি আরও বলেন, অনলাইনে পাঠ নেওয়ার পর যেসব বিষয়ে সমস্যা হবে, শিক্ষার্থীরা সেগুলো সরাসরি ক্লাসের দিনে এসে সমাধান করতে পারবে।
সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পাইলট প্রকল্প সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য শহরেও ধীরে ধীরে এ ধরনের সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা হতে পারে।
