পহেলা বৈশাখের প্রেক্ষাপটে জাতীয় জীবনের ‘অমীমাংসিত বকেয়া’ দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন বছরে হালখাতার মতো করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন জরুরি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। তাই এই সময়ে জনগণের প্রত্যাশাও অনেক বেশি।” তিনি ব্যবসায়ীদের হালখাতা পরিশোধের ঐতিহ্যের সঙ্গে তুলনা করে সরকারের প্রতি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থান ও নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হলেও জনগণ এখনো প্রত্যাশিত সংস্কার দেখছে না। তার ভাষায়, “সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের কার্যক্রম শুরু করেছে, ফলে জনগণের কাছে তাদের দায় রয়ে গেছে।”
সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, গণভোটের রায় ও ঘোষিত প্রতিশ্রুতি উপেক্ষা করা হলে জনগণের চাপ আরও বাড়বে এবং সংস্কার বাস্তবায়নে বাধ্য হতে হবে।
এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করার সমালোচনা করে তিনি বলেন, এতে জনআকাঙ্ক্ষার সঙ্গে অসঙ্গতি তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব বিষয় দ্রুত সংসদে বিল আকারে উপস্থাপন করে পূর্ণাঙ্গ আইনে রূপ দেওয়া হবে।
বক্তব্যের শেষে তিনি বলেন, নতুন বছরে দেশের রাজনীতিকে জুলাই আন্দোলনের চেতনার আলোকে প্রকৃত সংস্কারের পথে এগিয়ে নেওয়াই হওয়া উচিত সবার প্রধান অঙ্গীকার।
