২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ফাইল ছবি।

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে, পাশাপাশি উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬ শিশু। সব মিলিয়ে একদিনেই ১০ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে পাঁচজন ঢাকা বিভাগে এবং একজন খুলনা বিভাগে।

একই সময়ে সারা দেশে ৭৬২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৩৫৭ জন ভর্তি হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের শরীরে নতুন করে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২৩ জনই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ সময়ে মোট ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তবে ইতিবাচক দিক হলো, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১২ জন এবং চট্টগ্রামে ১২০ জন ছাড়পত্র পেয়েছে।

অন্যদিকে, রংপুর বিভাগে সবচেয়ে কম ১১ জন এবং ময়মনসিংহে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন করে মাত্র একজন করে হাম রোগী শনাক্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ দিনের মধ্যে দেশে হামে আক্রান্ত হয়ে ২৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫১ শিশু।

বর্তমান পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *