আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল। তার নেতৃত্বে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। বর্তমানে এসব মামলার বিচারকাজ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান রয়েছে।
এ পর্যন্ত তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে ২৬ জন দণ্ডিত হয়েছেন, যাদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলার রায় অপেক্ষমাণ। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত আছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারও একই ট্রাইব্যুনালে চলছে। এসব মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের একাধিক সাবেক এমপি-মন্ত্রী আসামি হিসেবে বিচারাধীন রয়েছেন।
