এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা নিহত ৪, আহত অন্তত ১৫

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত ১৪-১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২–এর মাঝামাঝি লন্ডন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মধুগ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৬৫), পাগলাদাহ গ্রামের মো. জালাল (৬৫), চিকিৎসক আব্দুল হালিম (৫৫) এবং বাসচালকের সহকারী সরকারী হাসিব (৩২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যশোরের নোয়াপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচ ওই সময় এক্সপ্রেসওয়েতে চলছিল। একই দিকে যাচ্ছিল একটি মালবোঝাই মিনিট্রাক। লন্ডন স্কুলের সামনে পৌঁছালে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং চলন্ত ট্রাকের পেছনের বাঁ দিকে সজোরে ধাক্কা দেন। সংঘর্ষের পর দুটি যানই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপের রেলিংয়ে গিয়ে আলাদাভাবে আঘাত হানে।

ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী জিল্লুর রহমান ও মো. জালাল। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চিকিৎসক আব্দুল হালিম ও বাসচালকের সহকারী হাসিবের।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পরপরই বাস ও ট্রাকের চালকরা পালিয়ে গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *