বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ব্যাপক রদবদল এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরে কর্মরত কর্মকর্তাদের বদলি, পদায়ন ও ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (কলেজ ও প্রশাসন) বি. এম. আব্দুল হান্নানকে ওএসডি করে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। একই পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের মধুখালীর সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যাপক মো. নাজমুল হক।
অন্যদিকে, ওএসডি হিসেবে কর্মরত অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপনকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। বর্তমান সচিব ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদকে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক (রসায়ন) হিসেবে বদলি করা হয়েছে।
সিলেট অঞ্চলেও পরিবর্তন আনা হয়েছে। সহকারী অধ্যাপক আবু মুসা মো. তারেককে সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে সিলেট শিক্ষা বোর্ডে বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনকারী সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে ওএসডি করে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এনটিআরসিএতে উপপরিচালক হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক দীনা পারভিনকে ওএসডি করে মাউশি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে আরও বেশ কয়েকজন কর্মকর্তার বদলি ও সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অধ্যাপক মো. জাফর আহম্মদকে তিতুমীর কলেজে, সহযোগী অধ্যাপক কামরুন নাহারকে ঢাকা কলেজে, অধ্যাপক গৌর কুমার চৌধুরীকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে এবং খন্দকার জাহিদুল হককে কবি নজরুল সরকারি কলেজে বদলি করা হয়েছে।
এছাড়া গবেষণা কর্মকর্তা মোছা. আয়শা সিদ্দিকা মৌসুমী, অধ্যাপক আবু মোহাম্মদ রেজাউল হাসান, ড. রিয়াদ চৌধুরী, অধ্যাপক মো. কামরুজ্জামান ও অধ্যাপক রাবেয়া মোমেনসহ একাধিক কর্মকর্তাকে ওএসডি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্ত করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক মো. বোরহান উদ্দীনকে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং সহযোগী অধ্যাপক শামীম আল মামুনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে সেদিন বিকেলেই তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ পিডিএস-এ লগইন করে অবমুক্তি ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
