ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১১ দলীয় নির্বাচনী জোট তাদের মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এ জোট সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ১৩ সদস্যের তালিকা চূড়ান্ত করে।
জোট সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে আটজনই জামায়াতে ইসলামী থেকে এবং বাকি পাঁচজন শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন।
জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
অন্যদিকে শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপা-এর চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস-এর নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও তালিকায় রয়েছেন।
বিশেষ ক্যাটাগরিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় বিধান অনুযায়ী সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাতে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পেয়েছে।
উল্লেখ্য, সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৩৬টি আসন।
