মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করেছে ইরান। একই সঙ্গে ঢাকা-তেহরান সম্পর্ক আরও জোরদারে আগ্রহের কথা জানিয়েছে দেশটি।
ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সাম্প্রতিক বৈঠককে স্বাগত জানানো হয়। এ ধরনের যোগাযোগ দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ইরান জানায়, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা কাজ করছে। পাশাপাশি আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয় এবং এটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে জানানো সমবেদনা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ‘নির্বাচিত’ বা ভুল তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে দূতাবাস।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক সম্মান বজায় রাখা এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
