ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তেজগাঁওয়ের ভূমি ভবনে অবস্থিত একটি ডে-কেয়ার সেন্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কেন্দ্রটিতে যান তিনি।
ডে-কেয়ার সেন্টারে প্রবেশের পর শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। খেলনা, কোলাহল আর শিশুদের হাসিতে মুখর পরিবেশে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের আঁকা ছবি দেখেন এবং খেলাধুলায় অংশ নেন। এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে ঘিরে আনন্দ প্রকাশ করে।
প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কেক কাটেন এবং তাদের হাতে চকলেট, টফি, ললিপপ ও উপহারের ব্যাগ তুলে দেন। শিশুদের উদ্দেশে তিনি জানতে চান, সবাই উপহার পেয়েছে কি না। পরে শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন তিনি।
ডে-কেয়ার সেন্টারের কর্মকর্তা মাহিয়া তাসনুভ তামান্না সেখানে শিশুদের পরিচর্যা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শিশুদের খাবার ও মানসিক বিকাশের বিষয়েও খোঁজ নেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে চার থেকে ছয় বছর বয়সী শিশুরা সাড়ে ১০ ঘণ্টা পর্যন্ত সেবা পেয়ে থাকে। তেজগাঁওয়ের কেন্দ্রটিতে বর্তমানে ৬০ জন শিশু নিবন্ধিত রয়েছে।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিশুদের দিকে হাত নেড়ে বিদায় জানান। এ সময় শিশুরাও হাত নেড়ে ও সালাম দিয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানায়।
পরিদর্শনের সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ছাড়াও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।
