ইসলামী ব্যাংকে অস্থিরতা, এমডি ও চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আজ রোববার ব্যাংকটির নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি। একই দিনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁন পদত্যাগপত্র জমা দেন। পরে চেয়ারম্যান ড. জোবায়দুর রহমানও পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংক সূত্রে জানা যায়, দুপুরে এমডি ওমর ফারুক খাঁন চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তবে পরিচালনা পর্ষদের সভা না হওয়ায় সেটি অনুমোদিত হয়নি।

ওমর ফারুক খাঁন বলেন, চেয়ারম্যানের অব্যাহত চাপের মুখে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, বিষয়টি পর্ষদ সভায় উপস্থাপনের কথা থাকলেও সভা না হওয়ায় তা কার্যকর হয়নি।

এদিকে ব্যাংকটির বর্তমান পরিস্থিতির প্রতিবাদে সকালে মতিঝিলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়মের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্যাংকের এমডিকে অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ, দলীয় ও বেআইনি নিয়োগ বন্ধ, রাজনৈতিক হস্তক্ষেপের অবসান, এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *