আসিফ-হাসনাতের বিরুদ্ধে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ, পাল্টা ব্যাখ্যা হাসনাতের

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মোট ২৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।

শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোস্তাক মিয়া বলেন, জেলা পরিষদের নিজস্ব রাজস্ব থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন। বৈষম্যবিরোধী রাজনীতির কথা বলা হলেও বাস্তবে তাদের কর্মকাণ্ডে সেই প্রতিফলন দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

মোস্তাক মিয়া আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছেন।

তবে অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যে অর্থের কথা বলা হচ্ছে, সেটি স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ ছিল, যা জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজে ব্যয় হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেবিদ্বার উপজেলায় ৫ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে, যা এডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়ন হয়েছে। জেলা পরিষদের নিজস্ব রাজস্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘প্রশাসক যদি রাজস্ব খাত ও বিশেষ বরাদ্দের পার্থক্য সম্পর্কে অবগত থাকতেন, তাহলে এমন বক্তব্য দিতেন না। তার বক্তব্য শুনে মনে হচ্ছে, আমরা ব্যক্তিগতভাবে অর্থ নিয়েছি। অথচ এসব অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেওয়া হয়েছে।’

মোস্তাক মিয়ার অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত জেলা পরিষদ বা স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

- Advertisement -

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *