সরাইলে দুর্ঘটনায় লণ্ডভণ্ড বাস, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং একাধিক যাত্রী আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর কিছু সময় আতঙ্ক সৃষ্টি হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *