ক্র্যাবে তমাল ও বাদশাহ পুনর্নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব আগামী এক বছরের জন্য নির্ধারিত হলো। সংগঠনের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির এম এম বাদশাহ।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত চলা ভোটে মোট ২৯৯ জন ভোটার ছিলেন, এর মধ্যে ২৮৪ জন ভোট দেন এবং পাঁচজনের ভোট বাতিল হয়।

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোটে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পান ১৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোটে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পান ১১৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী ১৪৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে নিহাল হাসনাইন ১৫৬ ভোট, অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট এবং দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হোসেন ইমু ১৫৩ ভোটে নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে প্রথম তিনজন হিসেবে নির্বাচিত হয়েছেন আবু হেনা রাসেল (২১৩ ভোট), আইয়ুব আনসারী (১৩৪ ভোট) ও মাহবুব আলম (১৩১ ভোট)। এছাড়া সহসভাপতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক, আইন ও কল্যাণ সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পাদক পদগুলোতে যথাক্রমে জিয়া খান, মাহমুদ সোহেল, মো. আবু জাফর, শাহরিয়ার জামান দীপ, শেখ কালিমউল্যাহ নয়ন ও হাবিবুল্লাহ মিজান নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য ক্র্যাব পরিচালনার দায়িত্ব পালন করবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *