ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ জুন থেকে এই নির্দেশনা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বকাপ চলাকালে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ প্রধান প্রবেশপথগুলোতে যান চলাচলে কড়াকড়ি থাকবে।
এ সময় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবাসংশ্লিষ্ট গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সংবাদকর্মী, রাইড শেয়ারিং ও খাদ্য সরবরাহকারী যান—ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের ওপর আগের নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়মিত পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে পরিবর্তন আনা হতে পারে।
সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষে বড় পর্দায় খেলা দেখার আয়োজন ঘিরে ক্যাম্পাসে বহিরাগতদের ভিড় বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
