এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নিরাপদে জরুরি অবতরণ ঢাকায়

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

ঢাকা থেকে চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি যাত্রীবাহী উড়োজাহাজ আকাশে ওঠার পর একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি জরুরি অবতরণ করে ঢাকায় ফিরে আসে। ঘটনায় বিমানে থাকা ৭৪ আরোহীর সবাই নিরাপদ রয়েছেন।

রোববার দুপুরে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২–৬০০ মডেলের উড়োজাহাজটি ৭০ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট একটি ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে তিনি উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

পরবর্তীতে উড়োজাহাজটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। অবতরণের পর সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কোনো ধরনের আহতের খবর পাওয়া যায়নি।

এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় তাদের জন্য দ্রুত বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়।

তবে ইঞ্জিনে কী কারণে ত্রুটি দেখা দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *