বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ–সংক্রান্ত একটি আদেশ জারি করে।
আদেশে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ৮ জুলাই (বুধবার) চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সব বিষয় স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অন্য তিন জেলা—কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি—এবং দেশের বাকি সব শিক্ষা বোর্ডে বুধবারের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
